টানা ৩ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে চায়ের রাজধানী খ্যাত ও দেশের অন্যতম পর্যটন এলাকা হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সোমবার সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এবং রোববার সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ নিয়ে টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে রেকর্ড করা হলো।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় সর্বনিম্ন রেকর্ড ছিল ১০.৩ ডিগ্রি।
এদিকে, তাপমাত্রা কমে যাওয়ার কারণে শীতের তীব্রতা বাড়ায় এবং সেইসঙ্গে বাতাসে ধুলোকণা বা ডাস্ট বেশি থাকায় অনেকের মধ্যেই সর্দি-কাশি ও ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে বলে স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন। বিশেষ করে ছোট ছোট বাচ্চা ও বয়স্কদের মধ্যে এসব রোগের প্রকোপ বাড়ছে। এমতাবস্থায় ঠান্ডাজনিত এসব রোগ থেকে রেহাই পেতে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন তারা।