বরিশালে স্বাস্থ্য পরিচালকের কক্ষে তালা দিলেন শিক্ষার্থীরা

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
বরিশালে স্বাস্থ্য পরিচালকের কক্ষে তালা দিলেন শিক্ষার্থীরা
ডা. এস এম মনিরুজ্জামান শাহীনের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন একদল শিক্ষার্থী। ছবি: এশিয়া পোস্ট

সদ্য যোগদান করা বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান শাহীনকে অপসারণের দাবিতে তার কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। মঙ্গলবার (৭ জুলাই) সকালে নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে উপপরিচালক ডা. লোকমান হাকিম বলেন, গত রোববার ডা. এস এম মনিরুজ্জামান শাহীনকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিসেবে পদায়ন করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি নতুন কর্মস্থলে যোগ দেন। প্রায় আধাঘণ্টা থেকে পৌনে এক ঘণ্টা কার্যালয়ে অবস্থান করার পর তিনি বেরিয়ে যান। এর কিছুক্ষণ পর জুলাই আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী সেখানে এসে পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে দেন।

ডা. লোকমান হাকিম বলেন, জুলাই আন্দোলনের সময় ডা. শাহীনের ভূমিকা নিয়ে আন্দোলনকারীদের আপত্তি রয়েছে। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হবে।

বিক্ষোভে অংশ নেওয়া বরিশালের একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী পারভেজ মোশারেফ বলেন, জুলাই আন্দোলনের সময় ডা. শাহীন আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এ কারণে তাকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিসেবে মেনে নেওয়া হবে না। দ্রুত তাকে প্রত্যাহারের পাশাপাশি পদায়নের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

আরেক চিকিৎসক আবিকুজ্জামান বলেন, ডা. শাহীনকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিসেবে দেখতে চান না তারা।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ডা. এস এম মনিরুজ্জামান শাহীন। তিনি বলেন, প্রশাসনিক দায়িত্ব পালনের অংশ হিসেবে সে সময় সরকারের বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হয়েছে। মঙ্গলবার যোগদানের পর পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই তিনি কার্যালয় ত্যাগ করেন। পরে জানতে পারেন, তার কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে গত রোববার জারি করা এক প্রজ্ঞাপনে ডা. এস এম মনিরুজ্জামান শাহীনকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিষয় :বরিশাল