বিএনপি জুলাই সনদ না মানলে ফ্যাসিবাদ আবারও ফিরবে: জামায়াত সেক্রেটারি

এশিয়া পোস্ট নিউজ, ফেনী
বিএনপি জুলাই সনদ না মানলে ফ্যাসিবাদ আবারও ফিরবে: জামায়াত সেক্রেটারি
১১-দলীয় ঐক্য ফেনী জেলার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি : এশিয়া পোস্ট

বিএনপি যদি ‘জুলাই সনদ’ না মানে, তাহলে দেশে আবারও ফ্যাসিবাদী শাসন ফিরে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (১৩ জুলাই) বিকেলে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। ১১-দলীয় ঐক্য ফেনী জেলার উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিএনপি ক্ষমতায় এসে দেশের জনগণের সঙ্গে দেওয়া ওয়াদা ভুলে গেছে। তাদের কারণেই একটি সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়ার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। তারা গণভোটের আগে জুলাই জাতীয় সনদের পক্ষে থাকলেও ভোটের পর ইউটার্ন নিয়েছে। আমার প্রশ্ন হল তাহলে কেন গণভোট অনুষ্ঠিত হলো?

তিনি আরও বলেন, বিএনপির ষড়যন্ত্রের কারণে স্থানীয় সরকার নির্বাচন আগে হয়নি। এখন এর সুযোগ নিয়ে স্থানীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তারা নিজেদের লোক বসাচ্ছে। আমরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য চেয়েছি। সংবিধান সংস্কার কমিশনের সভা আহ্বান করার কথা থাকলেও তারা তা করলেন না; তারা ইচ্ছে করেই এসব করছেন। কারণ তারা সংবিধান সংশোধন চায়, কিন্তু মৌলিক সংস্কার চায় না।

নেতাকর্মীদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপির মুখে এক, অন্তরে আরেক। তারা মুখে বললেও অন্তরে জুলাই সনদ মানেনি, এখন সংবিধানের দোহাই দিয়ে সবকিছু অস্বীকার করছে। এজন্যই কি ছাত্র-জনতা জীবন দিয়েছিল? তারা গণভোটের গণরায় মানেনি, অথচ জাতির কাছে আগে অক্ষরে অক্ষরে মানার ওয়াদা করেছিল। এখন ক্ষমতায় গিয়ে তারা জুলাই সনদ ও গণভোটকে ছুড়ে ফেলে দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি জনগণকে বিভক্ত করে দেশকে অস্থিতিশীল করতে চায়। তবে জুলাই সনদের ভিত্তিতে দেশ গঠন করা না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুর রহিমের সঞ্চালনায় সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কুমিল্লা জেলার সাবেক আমির আবদুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এ কে এম সামছুদ্দিন, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরউদ্দিন মানিক এবং কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অ্যাডভোকেট এস.এম কামাল উদ্দিন।

এ ছাড়াও ১১-দলীয় জোটের শরিক দলগুলোর মধ্যে এবি পার্টির জেলা সভাপতি মাস্টার আহছান উল্লাহ এবং এনসিপির জেলা সদস্যসচিব শাহ ওয়ালী উল্লাহ মানিকসহ জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন।

বিষয় :ফেনী