logo
Advertisement

রাজবাড়ীতে সাংবাদিককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ১

এশিয়া পোস্ট নিউজ, রাজবাড়ী
রাজবাড়ীতে সাংবাদিককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ১
গ্রেপ্তার বিশু সরদার। ছবি : এশিয়া পোস্ট

রাজবাড়ীর পাংশায় পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক মো. আকাশ মাহমুদের ওপর হামলার ঘটনায় জড়িত মো. বিশু সরদার (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পাংশা মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার বিশু সরদার উপজেলার কুলটিয়া গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই বিকেলে পাংশা উপজেলার মৈশালা বাসস্ট্যান্ড সংলগ্ন নাদুরিয়া ঘাটগামী অটোরিকশা স্ট্যান্ডে চালকদের সঙ্গে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের কথাকাটাকাটি ও সংঘাতের ঘটনা ঘটে।

এ সময় দৈনিক কালের কণ্ঠের (মাল্টিমিডিয়া) ও এনপিবি নিউজের জেলা প্রতিনিধি মো. আকাশ মাহমুদ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে বেশ কয়েকজন অটোরিকশাচালক লাঠিসোঁটা নিয়ে তার ওপর চড়াও হয়। নিজের পরিচয় দেওয়ার পরও হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে মারাত্মক জখম করে।

এ ঘটনায় ২৬ জুলাই আহত সাংবাদিক আকাশ মাহমুদ বাদী হয়ে পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্ত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে বিশু সরদারের সম্পৃক্ততা পেয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পাংশা মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে বিশু সরদারকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর এই বর্বরোচিত হামলার ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত সকল আসামিকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিষয় :