দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় মো. সোহান নামে ঠাকুরগাঁওয়ের এক তরুণকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে দেশটির জোহানেসবার্গের অদূরে কেতলেহং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহান ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামের দুলাল হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, সোহান দক্ষিণ আফ্রিকায় একটি মুদি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। ঘটনার দিন মাগরিবের সময় তিনি দোকানের মালিকের সঙ্গে কাজ করছিলেন। এ সময় হঠাৎ লোডশেডিং হলে দোকানের মালিক মোমবাতি আনতে পেছনের দিকে গেলে দুর্বৃত্তরা গুলি চালায়। ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়।
সোহানের বাবা দুলাল হোসেন বলেন, ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক কষ্টে বিদেশে পাঠিয়েছিলাম। আজ তার মৃত্যুর খবর শুনতে হলো। ছেলেকে আর জীবিত ফিরে পাব না, তবে তার লাশটি যেন দেশে এনে নিজের হাতে দাফন করতে পারি, সেই ব্যবস্থা চাই।
সোহানের শিক্ষক ফরহাদ হোসেন বলেন, সোহান ভদ্র ও পরিশ্রমী ছাত্র ছিল। তার এমন মৃত্যু খুবই মর্মান্তিক। আমরা দ্রুত মরদেহ দেশে ফেরানোর দাবি জানাই।
স্থানীয় ইউপি সদস্য ইসরাইল হোসেন বলেন, পরিবারটি অত্যন্ত অসহায়। তাদের একমাত্র স্বপ্ন ছিল সোহানকে ঘিরে। এখন তার মৃত্যুর খবরে পুরো এলাকা শোকাহত। সরকারের কাছে দাবি, দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা হোক।