দিনাজপুরে সীমান্ত দিয়ে চারজনের অনুপ্রবেশ

দিনাজপুরে সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের বনতারা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় চারজনকে আটক করেছে এলাকাবাসী। বুধবার (২৪ জুন) ভোর ৬টায় শংকরপুর ইউনিয়নের শালকি মৈজ্জাকুড়ি গ্রাম থেকে এলাকাবাসী তাদের আটক করে। পরে তাদের ইউনিয়ন পরিষদের নেওয়া হয়।
আটক ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নড়াইলের কালিয়া পৌর এলাকার মির্জাপুর গ্রামের বাসিন্দা আকুব্বর মোল্যা ও তার স্ত্রী জাহানারা বেগম।
শংকরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পংকজ বসাক এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রাতে বনতারা গিলাবাড়ি সীমান্ত দিয়ে ওই চারজন বাংলাদেশে প্রবেশ করেন। ভোরে এলাকাবাসী তাদের শালকি মৈজাকুড়ি গ্রামে চলাফেরা করতে দেখে সন্দেহ হলে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের ইউনিয়ন পরিষদে নেওয়া হয়েছে।
ইউপি সদস্য পংকজ বসাক বলেন, আমি তাদের স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের সঙ্গে কথা বলেছি। আটক ব্যক্তিরা আমাকে জানিয়েছেন, তারা কাজের সন্ধানে ভারতে যান এবং ফেরত আসেন। তবে তারা কীভাবে যান ও আসেন, তা তাদের পরিবার কিছু জানে না।
এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান বলেন, তারা দক্ষিণাঞ্চল থেকে এসেছেন, তারা আমাদের সীমান্ত দিয়ে ঢোকেন নাই। তারা এখানে কীভাবে আসলেন এটা আমরা আমাদের ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করব। এজন্য তাদের বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে।






