শিমক্ষেতে পড়ে ছিল কিশোর দিনমজুরের মরদেহ

নোয়াখালীর সুবর্ণচরে শিমক্ষেতের ঘাস পরিষ্কার করার কাজ করতে গিয়ে মো. সাহেদ (১৭) নামে এক কিশোর দিনমজুরের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর নোমান এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত সাহেদ একই গ্রামের মো. খলিলের ছেলে। সে দিনমজুর হিসেবে কাজ করত।
মৃতের মামা জাকের আহমেদ জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের মনির নামে এক ব্যক্তির শিমক্ষেতে ঘাস পরিষ্কারের কাজ শুরু করে সাহেদ। সকাল ১০টার দিকে ক্ষেতের মালিকের পক্ষ থেকে তার জন্য নাশতা পাঠানো হয়। এ সময় তারা সাহেদকে ক্ষেতের হাঁটুপানিতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে দুপুরের দিকে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি সাহেদকে মৃত ঘোষণা করেন। মৃতের স্বজনদের প্রাথমিক ধারণা, কাজ করার সময় স্ট্রোক করে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
