Advertisement

মাগুরায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

এশিয়া পোস্ট নিউজ, মাগুরা
মাগুরায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
প্রতীকী ছবি

মাগুরার মহম্মদপুর উপজেলায় ছোট বোনকে বাঁচাতে গিয়ে পুকুরের পানিতে ডুবে বড় বোনসহ দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার মৌশা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-মৌশা গ্রামের আমিনুর রহমানের মেয়ে রাফিয়া (৩) এবং তার ভাই আলিনুরের মেয়ে রাইসা (২)। তারা সম্পর্কে চাচাতো বোন।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রাফিয়া ও রাইসা বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত ছোট বোন রাইসা পুকুরের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে বড় বোন রাফিয়া পানিতে ঝাঁপ দিলে দুজনই তলিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আহসান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম আহমেদ। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিষয় :মাগুরা