logo
Advertisement

সমালোচনার মুখে শিক্ষার্থীদের উপহারের ফ্রিজ ফেরত দিলেন বিভাগীয় প্রধান

এশিয়া পোস্ট নিউজ, জামালপুর
সমালোচনার মুখে শিক্ষার্থীদের উপহারের ফ্রিজ ফেরত দিলেন বিভাগীয় প্রধান
আশেক মাহমুদ কলেজের ফটক। ছবি : এশিয়া পোস্ট

শিক্ষার্থীদের উপহার দেওয়া মিনি ফ্রিজ ব্যক্তিগত বাসায় নিয়ে যাওয়ার অভিযোগে সমালোচনার মুখে পড়ার পর সেটি কলেজে ফেরত দিয়েছেন জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্বাছ আলী।

Advertisement

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর তথ্যটি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন।

কলেজ সূত্রে জানা গেছে, গণিত বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর (মাস্টার্স) শ্রেণির শিক্ষার্থীরা প্রায় এক বছর আগে বিভাগীয় কার্যালয়ের জন্য ৯০ লিটার ধারণক্ষমতার একটি মিনি ফ্রিজ উপহার দেন। ফ্রিজটি দীর্ঘদিন বিভাগীয় প্রধানের কক্ষে রাখা ছিল। বিভাগের শিক্ষক-কর্মকর্তারাও এটি ব্যবহার করতেন।

তবে প্রায় এক মাস আগে বিভাগীয় প্রধান মো. আব্বাছ আলী ফ্রিজটি তার বাসায় নিয়ে যান বলে অভিযোগ ওঠে। বিষয়টি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে জানাজানি হলে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে কলেজ প্রশাসনের নজরে আসে ঘটনাটি।

ফ্রিজটি বাসায় নেওয়ার বিষয়ে বিভাগীয় প্রধান মো. আব্বাছ আলী বলেন, বিভাগে ফ্রিজটির তেমন প্রয়োজন হচ্ছিল না। তার বাসার ফ্রিজ নষ্ট হয়ে যাওয়ায় এবং ঢাকায় থাকা মেয়ে রান্না করে খাবার পাঠানোয় তা সংরক্ষণের সুবিধার জন্য তিনি ফ্রিজটি বাসায় নিয়ে গিয়েছিলেন। তার দাবি, ফ্রিজটির প্রতি তার কোনো ব্যক্তিগত লোভ নেই এবং ফেরত চাইলে তিনি তা দিয়ে দেবেন।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর বলেন, বিষয়টি সম্পর্কে আমি আগে অবগত ছিলাম না। বিভাগ থেকে বাসায় ফ্রিজ নিয়ে যাওয়া সম্পূর্ণ নিয়মবহির্ভূত। এ বিষয়ে কথা বলার পর শিক্ষক ফ্রিজটি ফেরত দিয়ে দিয়েছেন।

বিষয় :