নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে দুই ভাই। একই সঙ্গে দুই সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ পুরো পরিবার।
রোবাবর (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো কাওয়ালীকান্দা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মুয়াজ (৭) ও আরাফাত (৬)।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালের দিকে বাড়ির পাশেই খেলছিল মুয়াজ ও আরাফাত। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত দুই ভাইয়ের একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। তাকে ছটফট করতে দেখে বাঁচাতে এগিয়ে যায় অপর ভাই। এতে সেও বিদ্যুতায়িত হয়ে পড়ে। শিশুদের আকস্মিক চিৎকার শুনে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেছেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।