logo

সমাধানের আশ্বাসে সোমবার পর্যন্ত হবিগঞ্জে বাস ধর্মঘট স্থগিত

সমাধানের আশ্বাসে সোমবার পর্যন্ত হবিগঞ্জে বাস ধর্মঘট স্থগিত
ধর্মঘটের কারণে বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত কোনো বাস ছেড়ে যায়নি। বৃহস্পতিবার সকালে জেলা শহরের বাস টার্মিনাল থেকে তোলা। ছবি: এশিয়া পোস্ট

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে সমস্যা সমাধানের আশ্বাসে হবিগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট সোমবার (৫ অক্টোবর) পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মইন চৌধুরী সোহেল।

এদিন রাত আটটার দিকে মোটর মালিক গ্রুপের নেতারা বৈঠকে বসেন। বৈঠক শেষে সাংবাদিকদের ধর্মঘট স্থগিতের সিদ্ধান্তের কথা জানান তিনি।

আবু মইন চৌধুরী সোহেল জানান, উদ্ভূত পরিবহন সমস্যা সমাধানে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। এ কারণে আপাতত আগামী সোমবার পর্যন্ত বাস ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, রোববার দুপুর দুইটায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মোটর মালিক সমিতির নেতাদের বৈঠক হবে। বৈঠকে দুই জেলার পরিবহন মালিকদের মধ্যে সৃষ্ট সমস্যা নিয়ে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এর আগে, বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু করে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। ধর্মঘটের কারণে হবিগঞ্জ থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মইন চৌধুরী সোহেল বলেন, রোববারের বৈঠকে সমস্যার সমাধান হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে। সমাধান না হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।