চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার যুবদল নেতা ব্রাইট বহিষ্কার

চুয়াডাঙ্গার দর্শনায় ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে দর্শনা পৌর যুবদলের সদস্য মো. রাকিবুল হাসান ব্রাইটকে পুলিশ গ্রেপ্তার করার পর দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই অপরাধে জড়িত থাকার অভিযোগে দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের এক সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সিদ্ধান্তে ওই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।
বহিষ্কৃত যুবদল নেতা ব্রাইট দর্শনা পৌরসভার মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) দর্শনায় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী রফিকুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনা ঘটে। এ অভিযোগে দর্শনা পৌর যুবদলের সদস্য রাকিবুল হাসান ব্রাইট ও দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য অমিনকে গ্রেপ্তার করে পুলিশ।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৈতিক স্খলনজনিত অপরাধ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্তে ব্রাইটকে পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কৃত ওই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।



