logo

শিশুর মরদেহ উদ্ধার, বাবা পলাতক

শিশুর মরদেহ উদ্ধার, বাবা পলাতক

ময়মনসিংহের ত্রিশালে পারিবারিক কলহের জেরে মো. লাবিব নামে ৩ বছর বয়সি এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের বাবার বিরুদ্ধে।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম ভাটিপাড়া এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মো. লাবিব মো. সোহাগ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে নানান অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাবিবের বাবা সোহাগ মিয়ার বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের একাধিক অভিযোগ রয়েছে। সোহাগের তৃতীয় স্ত্রী লামিয়া আক্তার। তার সঙ্গে সোহাগের পারিবারিক বিরোধ চলছিল। লামিয়া আক্তার তার সন্তান লাবিবকে নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। বুধবার বিকেল ৩টার দিকে সোহাগ তার ছেলে লাবিবকে নিজের বাড়িতে নেওয়ার কথা বলে নানার বাড়ি থেকে নিয়ে যায়। কিন্তু বাড়িতে নিয়ে যাওয়া হয়নি। সন্ধ্যায় নানার বাড়ি থেকে প্রায় ৮০০ গজ দূরে ভাটিপাড়া এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, পারিবারিক প্রতিহিংসায় শিশুকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছি। শিশুটির বাবা সোহাগ পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।