বরিশালে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৩ জুলাই বরিশাল সফরে আসছেন। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়া পর বরিশাল বিভাগে এটাই তার প্রথম আনুষ্ঠানিক সফর। এই সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বারখ্যাত গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর গৌরনদী সফর কেন্দ্র করে শুক্রবার (১০ জুলাই) সকালে বাটাজোর এলাকার অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।
তিনি বাটাজোর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থান সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গৃহীত বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর সফরের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার আহ্বান জানান।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বাটাজোর ইউনিয়নসহ গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম এগিয়ে চলছে। বেশকিছু কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের গৌরনদী আগমনে বরিশাল-১ আসনের বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে বরন করে নিতে ইতোমধ্যে গৌরনদীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।





