Advertisement

শাস্তি হতে হবে দৃষ্টান্তমূলক, যা দেখে সমাজ শিক্ষা নেবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

এশিয়া পোস্ট নিউজ, নোয়াখালী
শাস্তি হতে হবে দৃষ্টান্তমূলক, যা দেখে সমাজ শিক্ষা নেবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
নোয়াখালী জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরী। ছবি : এশিয়া পোস্ট

সমাজে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার ওপর জোর দিয়ে চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরী (পিপিএম) বলেছেন, আমাদের বিভিন্ন সমস্যা রয়েছে, বিচারকেরও অভাব রয়েছে—যার কারণে সমাজে কাঙ্ক্ষিত ন্যায়বিচার প্রতিষ্ঠা হচ্ছে না। অপরাধীকে শাস্তি দেওয়ার মূল উদ্দেশ্যই হলো তা যেন দৃষ্টান্তমূলক হয় এবং যা দেখে পুরো সমাজ শিক্ষা নিতে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, রায়ের জন্য এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যে সমাজে তার ইতিবাচক প্রভাব পড়ছে না।

Advertisement

বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নোয়াখালী জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নোয়াখালী জেলা পুলিশ সুপার এম এন নাসিরুদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় জেলার সিভিল সোসাইটির প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম, আইনজীবী ও চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক হারুনুর রশিদ আজাদ ও জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার। এ ছাড়া জেলা বিএনপি, জামায়াত, এনসিপি ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা সভায় মুক্ত আলোচনায় অংশ নেন।