বিএনপি সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে আছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, এবারের পূজা বিএনপি সরকারের আমলের প্রথম পূজা। সরকার সব দিক থেকে পূজায় সুদৃষ্টি রাখছে। আমরা সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে আছি। আমরা একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পূর্ণ অসাম্প্রদায়িক ধ্যান-ধারণা ও চিন্তাধারার মানুষ। আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে এক ছাতার নিচে সব ধর্মাবলম্বী মানুষের শান্তিপূর্ণ বসবাসের উপযোগী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
শনিবার (১৭ অক্টোবর) নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের তামাককান্দা গ্রামে মন্ত্রীর নিজ বাসভবনে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার পর এবারই সর্বোচ্চ আর্থিক অনুদান দিয়ে পূজায় সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি পূজায় অসহায়দের শাড়ি উপহার দেওয়া হয়েছে। আমরা সব সময় পাশে ছিলাম, আছি এবং থাকব। পূজায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি বিএনপি নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে সুন্দরভাবে পূজা উদ্যাপনে সহযোগিতা করছেন।
বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লবের সভাপতিত্বে এবং মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির সদস্যসচিব এম এ কাদের জলিল, মনোহরদী পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, মনোহরদী পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি রাজিব রায়, সাধারণ সম্পাদক সুকোমল মোধকসহ অনেকে।