logo

সংসদে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হিস্যা পাচ্ছেন আন্না মিনজ

সংসদে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হিস্যা পাচ্ছেন আন্না মিনজ

ওঁরাও সম্প্রদায় থেকে জাতীয় সংসদে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিত্ব করবেন আন্না মিনজ। সরকারি দল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তাকে মনোনীত করেছে।

সোমবার (২০ এপ্রিল) দলের ষোষিত চূড়ান্ত তালিকায় রয়েছেন তিনি। আন্না মিনজকে মনোনীত করার খবরে বিএনপির হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উত্তরাঞ্চলের খ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাসিন্দারা।

আন্না মিনজের বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল গ্রামে। তার সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগকে উত্তরবঙ্গের খ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। আন্না মিনজকে দুই সম্প্রদায়ের সুপরিচিত ও গ্রহণযোগ্য প্রতিনিধি হিসেবে দেখা হয়।

তার স্বামী জন গমেজ বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সহসম্পাদক। নেতৃত্ব বিবেচনায় সহধর্মীনীকে মূল্যায়ন করায় দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ব্যক্তিগত ফেসবুকে এক পোস্টে জন গমেজ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত নাটোরের প্রার্থী আন্না মিনজকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

তিনি আরও বলেন, মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, দলের মহাসচিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুদূরপ্রসারী চিন্তা, নেতৃত্বগুণে আন্না মনিজের প্রতি আস্থা রেখেছেন। দলের হাইকমান্ডের প্রতি আমার পরিবার ও সম্প্রদায়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

জন গমেজ আরও বলেন, আন্না মিনজ খ্রিস্টান ও নৃগোষ্ঠী জাতিসত্তা সম্প্রদায়ের সুপরিচিত, সুযোগ্য ও গর্বিত প্রতিনিধি। ব্যক্তিগত, পারিবারিক এবং কর্মজীবনে একজন দক্ষ নেতৃত্ব ও সফল নারী। সবাই আন্নার জন্য দোয়া ও শুভকামনা রাখবেন। তিনি যেন সুবিধাবঞ্চিত জনগণ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে সফলভাবে ভূমিকা রাখতে পারেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে গত দুই দিনে প্রায় ৯০০ জন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নেয় দলের পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড। দীর্ঘ যাচাই-বাছাই শেষে ৩৬ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।

খ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নেতারা মনে করেন, আন্না মিনজের সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পৃক্ততা তাকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছে। তিনি দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার, নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে কাজ করে আসছেন। এ সিদ্ধান্ত শুধু রাজনৈতিক প্রতিনিধিত্ব নয়, বরং সামাজিক অন্তর্ভুক্তি ও সমতার পথে একটি ইতিবাচক পদক্ষেপ।

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন নাটোর জেলা আহ্বায়ক ও বড়াল প্রেস ক্লাবের সভাপতি অমর ডি কস্তা বলেন, দেশের সব ধর্ম-বর্ণ-সংস্কৃতিকে বিবেচনায় নিয়ে বর্তমান গণতান্ত্রিক সরকার একটি সুন্দর ও পরিচ্ছন্ন সংসদ গড়ার চেষ্টা করছে। তাতে সফল ও প্রশংসিত হয়েছে এবং হচ্ছে। আন্না মিনজ একজন সফল ও সুযোগ্য নারী নেত্রী। তার নেতৃত্ব প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণ বয়ে আনবে।

বনপাড়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বাবলু রেনেতোস কোড়াইয়া বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই বাংলাদেশ। আন্না মিনজ এমপি হিসেবে মনোনয়ন পাওয়াটাও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। বিএনপির প্রতি খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

জাতীয় আদিবাসী পরিষদের নাটোর জেলা সভাপতি প্রদীপ নাকরা বলেন, সংসদে অধিকার বঞ্চিত নৃ-গোষ্ঠীর পক্ষে কথা বলার জন্য একজন প্রতিনিধি অবশ্যই থাকা দরকার। বর্তমান সরকারের এই উদার, নিরপেক্ষ ও গণতান্ত্রিক ভাবনাকে সম্মান জানাই। ধন্যবাদ জানাই দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীসহ নীতি নির্ধারকদের। আন্না মিনজ নৃ-গোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে সংসদে দায়িত্বশীল ভূমিকা পালনে যোগ্য ও প্রশংসিত ভূমিকা রাখতে সক্ষম হবেন।