logo
Advertisement

সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,বগুড়া
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন
বগি লাইনচ্যুত হওয়ার পর উদ্ধার কাজ শুরু করেন রেলওয়ের কর্মীরা। ছবি : এশিয়া পোস্ট

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের রেলগেট এলাকায় ঢাকাগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনের মালবাহী বগি লাইনচ্যুতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গঠিত এই তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেনকে। কমিটির অন্য সদস্যরা হলেন বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আসিফ আহমেদসহ আরও দুজন কর্মকর্তা।

সোমবার কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের রেলগেট এলাকায় পৌঁছালে ট্রেনটির একেবারে পেছনের মালবাহী বগিটি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ওই রুটে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা ও রাজশাহীর ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে। এতে প্রায় সাড়ে চার ঘণ্টা পর ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

তদন্ত কমিটি লাইনচ্যুতির কারণ, দায়-দায়িত্ব এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেবে বলে জানা গেছে।

সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, কী কারণে বগিটি লাইনচ্যুত হয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর তা জানা যাবে।