মিয়ানমারের সঙ্গে এক বছর পর সীমান্ত বাণিজ্য চালু

দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর অবশেষে সীমান্ত বাণিজ্য পুনরায় চালু হয়েছে। শুক্রবার (১ মে) দুপুরে মিয়ানমার থেকে একটি কাঠবোঝাই ট্রলার টেকনাফ স্থলবন্দরে পৌঁছায়।
শুক্রবার সকালে আরাকান আর্মি নিয়ন্ত্রিত মিয়ানমারের মংডু এলাকা থেকে ট্রলারটি টেকনাফের উদ্দেশ্যে রওনা হয়। দুপুর দেড়টার দিকে ট্রলারটি টেকনাফ স্থলবন্দরের ঘাটে এসে পৌঁছায়।
টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের টেকনাফ শাখার মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৪ এপ্রিল কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ওই সময় তিনি বন্দরের কার্যক্রম সচল করার ঘোষণা দেন। তার ঘোষণার প্রেক্ষিতে বন্দর চালু হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ স্থলবন্দরের শ্রমিক নেতা (মাঝি) শামসুল আলম।
তিনি বলেন, দীর্ঘ এক বছরের বেশি সময় পর একটি কাঠের বোট বন্দরে এসেছে। এতে বন্দরের কার্যক্রম ফের চালু হওয়ায় শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের কারণে রাখাইন রাজ্যের প্রায় ২৭০ কিলোমিটার সীমান্ত এলাকা বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। ফলে নাফ নদের মিয়ানমার অংশে নৌযান চলাচলও তাদের নিয়ন্ত্রণে চলে যায়।
গত বছর এপ্রিলের শুরুতে পণ্যবাহী জাহাজ থেকে কমিশন (চাঁদা) দাবি কেন্দ্র করে আরাকান আর্মির বাধার মুখে মিয়ানমারের জান্তা সরকার সীমান্ত বাণিজ্য কার্যত বন্ধ ঘোষণা করে। এতে শতাধিক আমদানি-রপ্তানিকারক বড় ধরনের ক্ষতির মুখে পড়েন।