মুন্সিগঞ্জে ২ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার বালিগাঁও বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বালিগাঁও বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মজুমদার বেকারিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক, পাউরুটিসহ বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুত করতে দেখা যায়। এছাড়া কেকের গায়ে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হচ্ছিল না। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির মালিক রাম মজুমদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদ্যপণ্য প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে, মেসার্স ব্রাদার্স মেডিকোর্স ফার্মেসিতে বিভিন্ন ওষুধের মেয়াদসংক্রান্ত অংশ কেটে ফেলে বিক্রির জন্য সংরক্ষণ ও প্রদর্শন করতে দেখা যায়। এছাড়া এমআরপি (সর্বোচ্চ খুচরা মূল্য) উল্লেখ নেই—এমন ওষুধও বিক্রির জন্য সংরক্ষণ ও প্রদর্শন করা হচ্ছিল। এ ঘটনায় ফার্মেসিটির ম্যানেজার মিঠু গাংগুলিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ অভিযানটি পরিচালনা করেন। এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও টংগিবাড়ী থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনা এবং খাদ্যপণ্য ও ওষুধের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়।


