গাজীপুরে ৩ হাজার লিটার ডিজেল জব্দ

গাজীপুরের কালিয়াকৈরে অবৈধভাবে মজুত করা প্রায় তিন হাজার লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ। এ সময় এক দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার শ্রীফলতলী বাইপাস সড়ক এলাকা থেকে এই ডিজেল জব্দ করা হয়।
জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে কালিয়াকৈরের শ্রীফলতলী বাইপাস সড়কের পাশে ফাতেমা হোটেল সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার। এ সময় ড্রামে অবৈধভাবে মজুত করা প্রায় তিন হাজার লিটার ডিজেল পাওয়া যায়।
জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল জানিয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রি প্রতিরোধে জেলা প্রশাসনের নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। গত শনিবার থেকে এ পর্যন্ত জেলায় সাতটি অভিযানে চারটি মামলায় মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, জ্বালানি তেলের অবৈধ ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।