logo

নেত্রকোনায় বিলে নৌকাডুবে খালা-ভাগনির মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, নেত্রকোনা
নেত্রকোনায় বিলে নৌকাডুবে খালা-ভাগনির মৃত্যু
Netrokona

নেত্রকোনার পূর্বধলা উপজেলার চিকনি বিলে নৌকাডুবির ঘটনায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক কিশোরী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার বিষম্ভপুর গ্রামের চিকনি বিলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের তারাকান্দা উপজেলা থেকে পূর্বধলার বিষম্ভপুর গ্রামের একিন আলীর বাড়িতে বেড়াতে আসেন কয়েকজন আত্মীয়স্বজন। পরে তারা পাঁচ-ছয়জন মিলে গ্রামের চিকনি বিলে একটি ছোট কাঠের নৌকায় ভ্রমণে বের হন। নৌকাটিতে অতিরিক্ত যাত্রী ওঠায় একপর্যায়ে সেটি ডুবে যায়।

দুর্ঘটনায় তারাকান্দার কলোহরি গ্রামের মনসুর আলীর স্ত্রী জমিলা আক্তার (৩০) এবং গৌরীপুর উপজেলার হাসনপুর গ্রামের আবু তাহেরের মেয়ে নুসরাত (৮) গুরুতর অসুস্থ হন। তারা দুজন সম্পর্কে খালা-ভাগনি। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত হয়েছে পূর্বধলার বিষম্ভপুর গ্রামের আসমত আলীর মেয়ে মিম (১২)। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, নৌকায় অতিরিক্ত যাত্রী ওঠার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।