টঙ্গীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাবা-ছেলের

গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তপন চন্দ্র দাস (৫০) ও তার ছেলে লিখন চন্দ্র দাস (২০)। তাদের বাড়ি শেরপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার কৈবর্তপাড়া এলাকায়। তারা গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা ২৭ নম্বর চৌরাস্তা এলাকার মিজানের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে গাজীপুর বিআরটি লেনের পূর্ব পাশে কুটুমবাড়ি হোটেলসংলগ্ন মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে গুরুতর আহত হন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে আহত দুজনকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক লিখন চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন। তার বাবা তপন চন্দ্র দাসকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুল আলম বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।