শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে ইউএনওকে শুভেচ্ছা

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন স্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন—কোনো মন্ত্রী বা অতিথিকে শিক্ষার্থীদের দাঁড়িয়ে শুভেচ্ছা জানানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সেই নির্দেশনা উপেক্ষা করে নীলফামারীর সৈয়দপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ তাকমিলাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শহরের বেসরকারি সেবামূলক সংস্থা ওব্যাট হেল্পার্সের আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। পরে অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়লে শুরু হয় নানা সমালোচনা ও সমালোচনা।
জানা যায়, সুস্থ মা ও সুস্থ শিশু নিশ্চিত করার লক্ষ্যে পুষ্টি সহায়তা কর্মসূচির আওতায় ৯৯ জন নবজাতকের মায়ের হাতে পুষ্টি সম্পূর্ণ খাবার তুলে দেওয়ার আয়োজন করেন বেসরকারি সেবামূলক সংস্থা ওব্যাট হেল্পার্স। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা গাড়ি থেকে নামছেন আর এ সময়ে একজন আনসার সদস্য গাড়ির গেট খুলে দিচ্ছেন। গাড়ির সামনে রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শিক্ষার্থীরা। পরে তিনি গাড়ি থেকে নামার পরে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় শিক্ষার্থীরা রাস্তার মাঝে দাঁড়িয়ে ইউএনওকে স্যালুট দিতে দেখা যায়।
এ ব্যাপারে ওব্যাট হাই স্কুল ইনচার্জ মো. মনজুর আলম জানান, আমাদের এখানে শিক্ষার্থী কার্যক্রম রয়েছে। এখানে আজকে একটি অনুষ্ঠান ছিল। তাই শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে ছিলাম এটা দেখে ইউএনও খেপে গিয়েছিলেন, এটা একটি অনাকাঙ্ক্ষিত প্রেক্ষাপট।
নীলফামারী সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারাহ তাকমিলা বলেন, শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়িয়ে ছিল। আমি দেখে বলেছি শিক্ষার্থীদের সরিয়ে নিতে। ওখানে প্রবেশমুখে শিক্ষার্থীদের দেখেই সরিয়ে দিয়েছি।