Advertisement

বরিশালে আদালত প্রাঙ্গণে ককটেলসদৃশ বস্তু বিস্ফোরণ

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
বরিশালে আদালত প্রাঙ্গণে ককটেলসদৃশ বস্তু বিস্ফোরণ
আদালত প্রাঙ্গণে বিস্ফোরিত বস্তু। ছবি: এশিয়া পোস্ট

বরিশাল আদালত প্রাঙ্গণে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিকট শব্দে বস্তুটি বিস্ফোরিত হয়।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর ঘটনাস্থলে ধোঁয়া দেখা যায়। একই সঙ্গে বিস্ফোরিত স্থান থেকে কাদামাটি ছিটকে আশপাশে থাকা লোকজনের শরীরে এসে পড়ে। মুহূর্তের মধ্যে আদালত প্রাঙ্গণে আতঙ্ক তৈরি হয়।

আদালতের প্রধান ফটকের সামনে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানান, তারা হঠাৎ বিকট শব্দ শুনতে পান। পরে ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত দেখতে পান।

খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটও সেখানে গিয়ে আলামত সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ বলেন, প্রাথমিকভাবে বিস্ফোরণের ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষ হলে পুরো বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।

তিনি আরও জানান, বিস্ফোরিত বস্তুটি কী ধরনের এবং কে বা কারা এটি সেখানে রেখেছিল, তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে দেখা হচ্ছে।

বিষয় :