Advertisement

বগুড়ায় ‘মহিলা বাস সার্ভিস’ চালু, চালক-কন্ডাক্টরও নারী

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
বগুড়ায় ‘মহিলা বাস সার্ভিস’ চালু, চালক-কন্ডাক্টরও নারী
বগুড়ায় ‘মহিলা বাস সার্ভিস’ কার্যক্রমের উদ্বোধন। ছবি : এশিয়া পোস্ট

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু হয়েছে বিশেষ বাস সার্ভিস। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে থেকে শেরপুর–মাটিডালি–মোকামতলা–বনানী রুটে দুটি বাস চলাচল শুরু করেছে। বাস দুটির যাত্রী, চালক ও কন্ডাক্টর—সবাই নারী।

Advertisement

মঙ্গলবার (১৮ আগস্ট) বগুড়া বিআরটিসি বাস ডিপোর ট্রেনিং গ্রাউন্ডে ‘মহিলা বাস সার্ভিস’ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। এ সময় বিআরটিসি বগুড়া বাস ডিপোর ম্যানেজার শাহিনুল ইসলাম, সংস্থাটির কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

বিআরটিসি বগুড়া বাস ডিপোর ম্যানেজার শাহিনুল ইসলাম বলেন, বিআরটিসির প্রচলিত লাল রঙের বাসের তুলনায় নতুন বাসগুলোর রং ও পরিচালনব্যবস্থায় ভিন্নতা রয়েছে। এসব বাসে শুধু নারী যাত্রী যাতায়াত করবেন এবং চালক ও কন্ডাক্টরও থাকবেন নারী।

তিনি আরও বলেন, মঙ্গলবার থেকে দুটি বাস শেরপুর–মাটিডালি–মোকামতলা–বনানী রুটে চলবে। পরবর্তী সময়ে বগুড়া শহরের বিভিন্ন রুটেও এ ধরনের বাস চালুর পরিকল্পনা রয়েছে।

বিআরটিসি জানিয়েছে, নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবেও ‘মহিলা বাস সার্ভিস’ চালু করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। নতুন এ সেবা চালু হওয়ায় বগুড়ার নারী যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন।

প্রাথমিকভাবে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ১০টি বাসের পাশাপাশি বগুড়া ও চট্টগ্রামে দুটি করে বাস এ সেবায় যুক্ত হয়েছে। গোলাপি রঙের এসব বাসের গায়ে লেখা রয়েছে ‘মহিলা বাস সার্ভিস’।

বিষয় :