বাকিতে চা বিক্রি না করায় সংঘর্ষ, আহত ১২

ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না বিক্রি করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে শৈলকুপার পৌর খালধারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের রিপন হোসেন সকালে গ্রামের শাহজাহানের দোকানে চা খেতে যান। কিন্তু আগের বাকি থাকা টাকা না দেওয়ায় নতুন করে চা দিতে অস্বীকার করে দোকানি শাহজাহান। এ নিয়ে রিপন ও শাহজাহানের মধ্যে তর্কবির্তক ও হাতাহাতি হয়। এরই জের ধরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১২ জন আহত হয়। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন রিপন হোসেন, আব্দুর রাজ্জাক, জামাল হোসেন, কামাল, রুবেল হোসেন, জালাল শেখ, শফিকুর, নায়েব আলী ও ঝন্টু। বাকি তিনজনের নাম জানা যায়নি।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুব আলম পারভেজ বলেন, সংঘর্ষের ঘটনায় আহত রোগীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, বাকি চা বিক্রি না করা নিয়ে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।