কক্সবাজারে কালভার্ট নির্মাণকালে মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের দরিয়ানগর এলাকায় নির্মাণাধীন কালভার্টের কাজ করার সময় মাটিচাপায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. ইলিয়াছ ও রাকিব। জানা গেছে, তারা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।
নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠরন লাকি এন্টারপ্রাইজের ম্যানেজার আব্দুর রহমান মজুমদার বলেন, বৃহস্পতিবার সকাল থেকে কক্সবাজারের দরিয়ানগর চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত আউটার ক্যাম্পাস ও গবেষণা কেন্দ্রে যাওয়ার কালভার্টটিতে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক।
একপর্যায়ে কালভার্টের বেইজ কাটার সময় মাটি ধসে পড়ে চাপা পড়েন তিন শ্রমিক। এ সময় ঘটনাস্থলে থাকা অন্যান্য শ্রমিকেরা মাটি সরিয়ে তিনজনকে উদ্ধার করেন। তাদের গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইলিয়াছ ও রাকিবকে মৃত ঘোষণা করেন। আহত অন্যজন চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) হিমেল রায় বলেন, হতাহতরা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে কালভার্টের কাজ করছিলেন। মাটিচাপা পড়ে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ মর্গে রয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।