logo
Advertisement

এইচএসসি ফলের আগেই থেমে গেল নাঈমের জীবন

এশিয়া পোস্ট নিউজ, নেত্রকোনা
এইচএসসি ফলের আগেই থেমে গেল নাঈমের জীবন
আল মামুন ওরফে নাঈম মিয়া ছবি : সংগৃহীত

নেত্রকোনার আটপাড়ায় গরুর খাবারের জন্য বিলে কচুরিপানা আনতে গিয়ে আকস্মিক বজ্রপাতে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

Advertisement

শুক্রবার (২১ আগস্ট) সকালে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের মল্লিকনগর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আল মামুন ওরফে নাঈম মিয়া (১৬) ওই গ্রামের আলামিন মিয়ার ছেলে। সে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফলাফলের অপেক্ষায় ছিল।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, সকালে বাড়ির সামনের বিলে নৌকা নিয়ে কচুরিপানা তুলতে যায় নাঈম। এ সময় আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বিলের মাঝেই বজ্রাঘাতে মারা যায় সে। দীর্ঘ সময় গড়িয়ে গেলেও ছেলে বাড়ি না ফেরায় বাবা আলামিন মিয়া বিলে খুঁজতে যান। একপর্যায়ে বিলে নাঈমকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন স্বজনেরা।

নাঈমের প্রতিবেশী কোরায়শী তালুকদার বলেন, সকালে নৌকা নিয়ে বাড়ির সামনের বিলে কচুরিপানা আনতে গিয়েছিলেন নাঈম। বৃষ্টি ও বজ্রপাতের সময় তিনি বজ্রপাতে মারা যান। অনেকক্ষণ বাড়িতে না ফেরায় তার বাবা খুঁজতে গিয়ে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পান।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়দুল আলম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।