logo

পার্বত্যমন্ত্রীর পদত্যাগ প্রত্যাহারের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

পার্বত্যমন্ত্রীর পদত্যাগ প্রত্যাহারের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। ছবি: এশিয়া পোস্ট

পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাঙামাটি-চট্টগ্রাম সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় শহরের কলেজ গেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিল শেষে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় প্রায় আধা ঘণ্টার মতো সড়কটিতে যান চলাচল বন্ধ থাকে, ফলে ভোগান্তিতে পড়েন সড়কের দুই পারের যাত্রী ও চালকরা। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যানবাহন চলাচল পুনরায় শুরু হয়।

বিক্ষোভ মিছিল শহরের জিমনেসিয়াম প্রাঙ্গণ প্রদক্ষিণ করে পুনরায় কলেজ গেট এলাকায় ফিরে আসে। পরে টিটিসি সড়কের সামনে অবস্থান নিয়ে নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীরা দীপেন দেওয়ানের পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও জনগণের স্বার্থে দীপেন দেওয়ানের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই তার পদত্যাগ মেনে নেওয়া হবে না।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাচ্চু মিয়া বলেন, দীর্ঘ ১৭ বছর রাজপথে থেকে আন্দোলন করছেন দীপেন দেওয়ান। যে কুচক্রী মহল তার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন, তারা রাঙামাটি গণমানুষের শত্রু।