logo

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে জেলা পুলিশ সুপারের সঙ্গে মালিক ও শ্রমিক নেতাদের বৈঠকের পর এ সিদ্ধান্ত আসে।

এদিন সকালে পুলিশ সুপারের কার্যালয়ে প্রায় দুই ঘণ্টার বৈঠকে দাবি মেনে নেওয়ার আশ্বাস পেলে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিকরা। এরপর স্বাভাবিক হয় পরিবহন চলাচল।

জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক জানান, আলোচনা ফলপ্রসূ হওয়ায় সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে দুই দফা দাবি আদায়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মঘটের ঘোষণা দেন শ্রমিকরা। শুক্রবার ভোর থেকে অভ্যন্তরীণ ও অধিকাংশ আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শ্রমিকদের দাবি ছিল—মালিকদের মতো সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং কুষ্টিয়া-খুলনা রুটে শ্রমিক সংগঠনের নামে একটি বাস চলাচলের অনুমতি দেওয়া।