খুলনায় ২৪ ঘণ্টায় দুই তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

খুলনায় ২৪ ঘণ্টার মধ্যে তালিকাভুক্ত সন্ত্রাসী মো. সুজন ও মো. ফয়সালকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ও শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে খুলনা নগরী ও আশপাশের থানায় অন্তত ১২টি মামলা রয়েছে।
খুলনার আড়ংঘাটা থানার শীর্ষ সন্ত্রাসী সুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো স্থান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার সুজনের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। রাত সাড়ে ১১টার দিকে বাড়ির ভেতর তার দেখানো স্থান থেকে একটি দেশীয় তৈরি শটগান, একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড শটগানের গুলি এবং দুই রাউন্ড ৭.৬২ মি.মি. গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মেজর নাজমুল ইসলাম জানান, সুজনের বিরুদ্ধে খুলনা মহানগরীর একাধিক থানায় একটি হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ৭টি মামলা রয়েছে। অস্ত্রের ভয় দেখিয়ে সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাকে আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার গ্রেপ্তার হওয়া মো. ফয়সাল সন্ত্রাসী নুর আজিম বাহিনীর অন্যতম প্রধান সহযোগী। নগরীর টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকার একটি বাড়ি থেকে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ফয়সালের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম জানান, সন্ত্রাসী নুর আজিমের অবর্তমানে ফয়সাল বাহিনীর দায়িত্ব নিয়ে কাজ করছিল। সে খুলনার শীর্ষ সন্ত্রাসীদের একজন। তাকে আমরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন স্থানে খুঁজছিলাম। তার সঠিক সন্ধান জানতে পেরে অভিযান চালিয়ে টুটপাড়া মহিরবাড়ি খালপাড়ের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।