বিগত দিনের মতো কেউ চুরি করার সুযোগ পাবে না: প্রতিমন্ত্রী ফরহাদ

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিগত সময়ে দেশে জবাবদিহিমূলক কোনো সরকার না থাকায় ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতি হয়েছে। কিন্তু এবার আর সেই সুযোগ নেই। বিগত দিনের মতো কেউ আর চুরি করার সুযোগ পাবে না।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় প্রধানমন্ত্রীর কর্মসূচিস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, মুহুরী নদীর ভাঙনে বিগত দিনে এ অঞ্চলের অসংখ্য মানুষের ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। সাধারণ মানুষকে সীমাহীন কষ্টে দিন কাটাতে হয়েছে। স্থানীয় মানুষের ঘরবাড়ি রক্ষা, সেচ সুবিধা প্রদান এবং নদীপাড়ের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যেই জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় দেড় হাজার টাকা ব্যয়ে এই বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ের কাজ শেষে দ্বিতীয় পর্যায়ের কাজও দ্রুত শুরু হবে। এই টেকসই বাঁধ ও সেচ ব্যবস্থার মাধ্যমে শত শত বছর ধরে ফেনীর মুহুরী-কহুয়া নদীপাড়ের মানুষ উপকৃত হবে।
প্রকল্প এলাকায় নিয়মিত কাজ তদারক করার আশ্বাস দিয়ে স্থানীয় জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু সরকারি কর্মকর্তাদের ওপর নির্ভর করে বসে থাকবেন না, আপনারা নিজেরাও নিজ উদ্যোগে খোঁজখবর রাখবেন ঠিকমতো কাজ হচ্ছে কি না। না হলে বিষয়টি জানাবেন। যাতে স্বচ্ছতার সঙ্গে পুরো কাজটি সম্পন্ন হয়।
পরিদর্শনকালে ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন ভিপি, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম (মজনু), ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুর করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।