logo

বাগেরহাটে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন-বিক্ষোভ

বাগেরহাটে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন-বিক্ষোভ
বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। ছবি : এশিয়া পোস্ট

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান তালুকদারের পদত্যাগের দাবিতে টানা তৃতীয় দিনের মতো ক্লাস বর্জন করে বিক্ষোভ প্রদর্শন করেছে শিক্ষার্থীরা।

রোববার (১১ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল বের করে তারা।

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, সহকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং শিক্ষার্থীদের কাছ থেকে অনৈতিকভাবে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলে আন্দোলনকারীরা তার অপসারণ দাবি করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলে, ‘আমরা চাই বিদ্যালয়ে সুষ্ঠু ও শিক্ষাবান্ধব পরিবেশ ফিরে আসুক। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অনিয়ম, দুর্নীতি ও অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমাদের যুক্তিসংগত দাবির অবসান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব, শিক্ষক-কর্মচারী নিয়োগপ্রক্রিয়া এবং এসএসসি পরীক্ষার ফরম পূরণের ফি আদায়ের বিষয়গুলোতে ব্যাপক অনিয়ম ঘটেছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানায় তারা।

তারা আরও জানান, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং দাবির গ্রহণযোগ্য সমাধান না হওয়া পর্যন্ত তারা শ্রেণিকক্ষে ফিরে যাবে না।

এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রধান শিক্ষক লুৎফর রহমান তালুকদারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।