কেরোসিন ঢেলে চবি শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২২ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটের দিকে চট্টগ্রাম নগরীর বটতলী রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা শাটল ট্রেনে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম। তবে ট্রেনের নিরাপত্তাকর্মী ও শিক্ষার্থীদের তৎপরতায় দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও চবি শিক্ষার্থী তাওসিফ হোসাইন আনন্দ জানান, টিউশন শেষে বটতলী স্টেশন থেকে শাটল ট্রেনে ওঠার ঠিক আগমুহূর্তে এক যাত্রী ভেতরে আগুন লাগার বিষয়টি জানিয়ে চিৎকার করে ওঠেন। তাৎক্ষণিকভাবে রেলওয়ের এক কর্মী আগুন নেভাতে এগিয়ে যান এবং তার সাথে শিক্ষার্থীরাও যোগ দেন। সম্মিলিত চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী এই শিক্ষার্থী আরও জানান, শুরুতে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি মনে হলেও পরে বগির ভেতরে কেরোসিনের তীব্র গন্ধ পাওয়া যায়। তল্লাশি চালিয়ে বগির ভেতর থেকে একটি কেরোসিনের বোতল উদ্ধার করা হয় এবং সিটগুলোতেও কেরোসিন ছিটানো অবস্থায় দেখা যায়। এতে ঘটনাটি পরিকল্পিত অগ্নিসংযোগের চেষ্টা বলে প্রতীয়মান হয়।
এ বিষয়ে চবি প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম বলেন, রাত ৮টা ৫ মিনিটের দিকে বটতলী স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। কর্মীদের দ্রুত পদক্ষেপে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে ওই ট্রেনটি পরিবর্তন করে বিকল্প ট্রেনে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে আনা হয়েছে।
ঘটনাটিকে নাশকতার চেষ্টা হিসেবে উল্লেখ করে প্রক্টর আরও বলেন, ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় কিংবা ছাড়ার আগে পর্যাপ্ত নিরাপত্তা না থাকলে দুর্বৃত্তরা এ ধরনের সুযোগ নিতে পারে। আমরা রেলওয়ে কর্তৃপক্ষকে বটতলী স্টেশনসহ সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং টহল বাড়ানোর অনুরোধ জানিয়েছি, যাতে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।





