দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, অল্পের জন্য রক্ষা পেল দুই ট্রেন

দিনাজপুরের বিরল ও পার্বতীপুরে উপজেলায় রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে দূর থেকে লাইনের ওপর আগুন দেখতে পেয়ে ট্রেনের চালক ট্রেন থামিয়ে দেন। এতে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় দুটি আন্তঃনগর ট্রেন।
শনিবার (২৮ নভেম্বর) রাত সোয়া ১১টায় জেলার বিরল উপজেলার কাঞ্চন জংশনে এবং রাত ১০টায় পার্বতীপুর উপজেলার ভবানীপুর রেলস্টেশনের কাছে এসব নাশকতার ঘটনা ঘটে।
দিনাজপুর রেলওয়ে জিআরপি থানা সূত্রে জানা গেছে, শনিবার রাত সোয়া ১১টার দিকে বিরল উপজেলার কাঞ্চন জংশনে রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে লাল পতাকা টানিয়ে দুটি বোমাসদৃশ বস্তু রেখে যায় দুর্বৃত্তরা। দূর থেকে লাইনের ওপর আগুন দেখতে পেয়ে সংশ্লিষ্ট ট্রেনের চালক হিরু মিয়া ট্রেন থামিয়ে দেন। ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়া ঠেকাতে বিষয়টি সুকৌশলে সামাল দেন চালক। পরে তিনি বোমাসদৃশ বস্তু দুটি দিনাজপুরে নিয়ে আসেন এবং জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করেন।
বোমাসদৃশ বস্তু দুটি গোলাকৃতির, আধা কেজি ওজনের পণ্য রাখার বাটিতে লাল টেপ দিয়ে মোড়ানো ছিল। এগুলোর সঙ্গে কালো ও লাল রঙের বৈদ্যুতিক তারও সংযুক্ত ছিল। পরে রাত সাড়ে ১২টার দিকে দিনাজপুর জিআরপি থানার এসআই রায়হান ইসলাম বস্তু দুটি সন্দেহজনক মনে করে খুলে দেখেন। এ সময় ভেতরে শুধু বালু ও বৈদ্যুতিক তার পাওয়া যায়।
এদিকে রাত ১০টায় পার্বতীপুর উপজেলার ভবানীপুর রেলস্টেশনের কাছে রেললাইনে টায়ারে আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে চালক ট্রেন থামিয়ে দেন। পরে ট্রেনের কর্মীরা রেললাইনের ওপর জ্বালানো আগুন নিভিয়ে দেন।
দিনাজপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, দুর্বৃত্তরা রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে বোমাসদৃশ বস্তু রেখেছিল। পরে ট্রেনের চালক বিষয়টি দেখতে পেয়ে ট্রেন থামিয়ে দেন। বোমাসদৃশ বস্তুগুলো আসলে বোমা নয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রেললাইনে নাশকতা প্রতিরোধে রেলওয়ে পুলিশ নিরাপত্তা জোরদার করেছে।
