Advertisement

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরে শিবিরের বিক্ষোভ

এশিয়া পোস্ট নিউজ, জামালপুর
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরে শিবিরের বিক্ষোভ
ছবি: এশিয়া পোস্ট

জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। দাবি বাস্তবায়নে বিলম্ব হলে ছাত্রসমাজ আবারও রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।

শুক্রবার (১৭ জুলাই) জামালপুর জেলা ছাত্রশিবিরের উদ্যোগে শহরের পিটিআই মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে শিবিরের নেতারা জুলাই আন্দোলনের দাবিগুলো বাস্তবায়নে বক্তব্য তুলে ধরেন।

সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক আত্মত্যাগের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়েছিল, তা বাস্তবায়নে এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। বিশেষ করে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারে কার্যকর পদক্ষেপ দেখতে চায় ছাত্রসমাজ।

ছাত্রশিবির জেলা শাখার সভাপতি আসাদুল ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর জনগণের প্রধান প্রত্যাশা ছিল দ্রুত রাষ্ট্র সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনা। কিন্তু দুঃখজনকভাবে এই মৌলিক বিষয়গুলো এখনও ঝুলে আছে।

তিনি আরও বলেন, বিগত স্বৈরাচারী শাসনের আমলে বর্তমানে সরকার ও বিরোধী দলে থাকা সব রাজনৈতিক শক্তিই জুলুম-নির্যাতনের শিকার হয়েছে। তাই আমরা তাদের প্রতি জোর আহ্বান জানাচ্ছি—অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করুন। তা না হলে এ দেশের ছাত্র-জনতা নিজেদের অধিকার আদায়ে আবারও রাজপথে নামতে বাধ্য হবে।