আট দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর
এশিয়া পোস্ট নিউজ, কুড়িগ্রাম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর আট দিন বন্ধ থাকবে।
রোববার (২৪ মে) সোনাহাট স্থল শুল্ক স্টেশন সিঅ্যান্ডএফ (কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত পত্রে এই বন্ধের বিষয়টি জানানো হয়েছে।
পত্রে বলা হয়েছে, অ্যাসোসিয়েশনের মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রপ্তানিসংক্রান্ত সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২ জুন থেকে স্থলবন্দরের সকল কার্যক্রম আগের মতো সচল হবে।
সোনাহাট স্থল শুল্ক স্টেশনের সহকারী পরিচালক ট্রাফিক আমিনুল হক বলেন, সরকারি ছুটি অনুযায়ী স্থলবন্দরের দাপ্তরিক কার্যক্রম ১ জুন শুরু হবে। তবে আমদানি ও রপ্তানি কার্যক্রম ২ জুন থেকে শুরু হবে।