logo
Advertisement

ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাতকড়া পরিয়ে স্বর্ণালংকার লুটের চেষ্টা

এশিয়া পোস্ট নিউজ,নওগাঁ
ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাতকড়া পরিয়ে স্বর্ণালংকার লুটের চেষ্টা
তিন প্রতারককে আটক করেছে পুলিশ। ছবি: এশিয়া পোস্ট

নওগাঁর মান্দা উপজেলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয় দিয়ে একটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের হাতকড়া পরিয়ে স্বর্ণালংকার লুটে নেওয়ার চেষ্টা করেছেন তিন প্রতারক। তারা পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

Advertisement

রোববার (৩০ আগস্ট) সকালে নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার বেলা ১১টার দিকে মান্দা উপজেলার ১৪নং বিষ্ণুপুর ইউনিয়নের পারইটুঙ্গী গ্রামে বিপুল কুমার নামের এক ব্যক্তির বাড়িতে ঘটনাটি ঘটে।

আটকরা হলেন, দিনাজপুরের বিরামপুর উপজেলার মানিক হোসেন, এনামুল হক ও দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মাহবুব হাসান মুন্না।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই তিন প্রতারক ডিবি সদস্য পরিচয় দিয়ে বিপুল কুমারের বাড়িতে প্রবেশ করেন। তারা ঘরে ঢুকে বিপুলের বাবা সুকুমার চন্দ্র ও চাচা সবুজ কুমারকে হাতকড়া পরিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। এরপর বিপুলের স্ত্রী, মা ও শাশুড়িকে ভয়ভীতি দেখিয়ে বাড়ির প্রতিটি কক্ষে তল্লাশি চালান। স্বর্ণালংকার লুট করে ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করলে বিপুল ও স্থানীয়দের মনে সন্দেহ হয়। স্থানীয়রা প্রতারকদের পিছু ধাওয়া করেন। পার্শ্ববর্তী বাগমারা থানাধীন সিমলা বাজার এলাকায় তাদেরকে আটক করা হয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, আসামিদের কাছ থেকে হাতকড়াসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিয়মিত মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।