logo

গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২

গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম উদ্দিন এশিয়া পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় তিনজন ছিনতাইকারী আগে থেকে মোটরসাইকেল নিয়ে ওত পেতে ছিল। স্থানীয়রা তাদেরকে সন্দেহ করে, ওই সময় তারা পলানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে। ধাওয়া খেয়ে তারা দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায় তারা।

এদিকে ছিনতাইকারীর খবরটি ডাকাতি বলে ছড়িয়ে পড়লে স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পুকুরে পড়ে যাওয়া দুজনকে মারধর করেন। ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। এ সময় দলের আরেক সদস্য পালিয়ে যায়।

এ বিষয়ে ওসি আলিম উদ্দিন বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। পরিচয় শনাক্তে বিশেষজ্ঞ দলকে ডাকা হয়েছে, তারা এলে বিস্তারিত জানা সম্ভব হবে।