ভারতে পালানোর সময় নির্বাচন অফিসের কর্মচারী আটক

হবিগঞ্জের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুশান্ত চন্দ্র বিশ্বাস নামে নির্বাচন অফিসের এক কর্মচারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর (চুক্তিভিত্তিক) হিসেবে কর্মরত।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বিষয়টি নিশ্চিত করেছে। আটক সুশান্ত চন্দ্র বিশ্বাস কিশোরগঞ্জের তাড়াইল থানার সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে।
বিজিবি জানায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর আওতাধীন গুটিবাড়ী এলাকার মোংলামবস্তি চা বাগানে সীমান্তের কাছ দিয়ে শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন সুশান্ত। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুশান্ত জানান, তিনি ২০১৬ সাল থেকে নির্বাচন অফিসে চুক্তিভিত্তিকভাবে কর্মরত। বর্তমানে তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সুশান্ত প্রায় এক মাস ধরে অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ সময় তার অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছিল।
বিজিবি জানায়, সুশান্ত কয়েক দিন ধরে শ্রীমঙ্গলে এসে একটি হোটেলে অবস্থান করছিলেন। পরে একজন দালালের সহায়তায় সুবিধাজনক সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করেন। আটকের সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, তার নামে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল ও ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।