বাগেরহাটে ছাত্রলীগের মিছিল, ভিডিও ভাইরাল

বাগেরহাট সদর উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের চুলকাটি বাজারে মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (১২ জুন) দুপুরে অনুষ্ঠিত ওই মিছিলের ১ মিনিট ১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, চুলকাটি বাজারের প্রধান ফটকের সামনে থেকে রাখালগাছি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাগর ফারাজীর নেতৃত্বে বাগেরহাট জেলা ছাত্রলীগের ব্যানারে ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলটি বাজারের সড়ক প্রদক্ষিণ করে দ্রুত স্থান ত্যাগ করে।
এ সময় মিছিলকারীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,’ ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই,’ ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ এবং ‘চলছে লড়াই চলবে ছাত্রলীগ লড়বে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
এ বিষয়ে চুলকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিএম আলমগীর হোসেন বলেন, জুমার নামাজের মোটরসাইকেলযোগে বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা চুলকাটি বাজারে এসে একটি মিছিল করে দ্রুত সেখান থেকে চলে যায়।
তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বাজার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



