সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চলন্ত কাভার্ড ভ্যানে আগুন

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর বিশ্বরোড এলাকায় রাসায়নিক পদার্থ থেকে চলন্ত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা ১০ মিনিটের দিকে এ আগুন লাগে। এতে ভ্যানে থাকা বিভিন্ন ধরনের পণ্য পুড়ে যায়।
খবর পেয়ে কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আগুন ছড়িয়ে পড়ে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা কমে আসে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যানটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্সেল নিয়ে কুমিল্লা আলেখারচরে পৌঁছায়। এরপরেই ভেতর থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে চালক নেমে যান। ভ্যানটিতে ওষুধ, জুতা, গাড়ির যন্ত্রাংশ, বিদেশি পণ্যসহ বিভিন্ন ধরনের মালামাল ছিল।
কুমিল্লার ফায়ার সার্ভিস নিশ্চিত করে জানিয়েছে, চলন্ত অবস্থায় রাসায়নিক পদার্থ থেকে আগুনের সূত্রপাত হয়।
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের আলেখারচর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ অনিক বলেন, ‘ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে না এলে আরও বড় ধরনের ক্ষতি হতে পারত। আমাদের চালকের কোনো ক্ষতি হয়নি। তবে আগুনে বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. রবি উল্লাহ এশিয়া পোস্টকে বলেন, রাসায়নিক পদার্থ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৮০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
