Advertisement

খোকসায় বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি বহালের দাবিতে মানববন্ধন

এশিয়া পোস্ট নিউজ, কুষ্টিয়া
খোকসায় বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি বহালের দাবিতে মানববন্ধন
ছবি: এশিয়া পোস্ট

কুষ্টিয়ার খোকসা রেলস্টেশনে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের যাত্রাবিরতি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খোকসা স্টেশন চত্বরে ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার হাজারো মানুষ অংশ নেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত এ মানববন্ধনে শিক্ষার্থী, কৃষক ও জনপ্রতিনিধিসহ নানা পেশার মানুষ অংশ নেন। এতে বক্তারা খোকসায় বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি পুনর্বহালের জোরালো দাবি জানান।

মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন খোকসার বাসিন্দারা। দীর্ঘদিনের এ যাত্রাবিরতি হঠাৎ বাতিল করায় ঢাকার সঙ্গে খোকসার সরাসরি রেল যোগাযোগ ব্যাহত হবে বলে আশঙ্কা করছেন তারা।

বিক্ষুব্ধ বক্তারা বলেন, এ জনস্রোত কীভাবে ঠেকাবেন? অবিলম্বে আমাদের এই ন্যায্য দাবি মেনে নিতে হবে। স্থানীয় এমপি সাহেবের কাছে অনুরোধ, জনতার সেবক হিসেবে আপনি এই আমলাতান্ত্রিক সিদ্ধান্তের সুষ্ঠু সমাধান করবেন—এটাই আমাদের প্রত্যাশা।

হুঁশিয়ারি দিয়ে তারা আরও বলেন, অনতিবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি বহাল না রাখা হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এর আগে বুধবার (২২ জুলাই) রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে খোকসা স্টেশনের যাত্রাবিরতি বাতিলের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ট্রেনের আয়, আসন ব্যবহার (অকুপেন্সি), বাণিজ্যিক সম্ভাবনা এবং জনস্বার্থ বিবেচনায় খোকসা রেলওয়ে স্টেশনের পরিবর্তে কুমারখালী রেলস্টেশনে যাত্রাবিরতির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বিষয় :কুষ্টিয়া