Advertisement

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

এশিয়া পোস্ট নিউজ, হবিগঞ্জ
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
ছবি : এশিয়া পোস্ট

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন বানিয়াচং উপজেলার আমিরখানী এলাকার ফুল মিয়া ঠাকুরের ছেলে তানভীর ঠাকুর (১৮), একই উপজেলার নুরুল লস্করের ছেলে আবিদুল লস্কর (৩২) এবং আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের চন্দনের ছেলে অন্তর (২৫)।

আহত ব্যক্তিরা হলেন চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও গ্রামের শহিদুল ইসলাম বাচ্চু এবং থৈগাঁও গ্রামের মিজান মিয়া। তাদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, সন্ধ্যায় জলসুখা ব্রিজের ওপর বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তানভীর ঠাকুর মারা যান। গুরুতর আহত অবস্থায় আরও চারজনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবিদুল লস্কর ও অন্তরকে মৃত ঘোষণা করেন।

আহত শহিদুল ইসলাম বাচ্চু ও মিজান মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।