নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যা: ৭ আসামি ৮ দিনের রিমান্ডে

নরসিংদীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ ৭ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১ মার্চ) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (২য়) মো. মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন। এদিন বেলা সাড়ে ১১টায় নরসিংদী আদালতে তোলা হয় ৭ আসামিকে। আদালতে শুনানির সময় আসামিপক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি।
এর আগে, গত শুক্রবার ও শনিবার দুদিনে ৭ আসামির ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওমর কাইয়ুম।
পুলিশ সূত্রে জানা গেছে, ভারতে পালিয়ে যাওয়ার সময় গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে শুক্রবার রাতে নূরা এবং একই সময়ে ময়মনসিংহের গৌরীপুর থেকে হযরত আলীকে গ্রেপ্তার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। এ নিয়ে কিশোরীর মা ফাহিমা বেগমের দায়ের করা মামলায় ৯ জন আসামির মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এর আগে, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কিশোরী আমিনার বাবার কাছ থেকে নূরার নেতৃত্বে একটি চক্র তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না প্যাঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ।
মামলার এজাহারের পরিপ্রেক্ষিতে ধর্ষণের সঙ্গে সরাসরি জড়িত ৪ জন এবং বিচারকার্যে সহায়তাকারী সাবেক মেম্বারসহ ৩ জন নিয়ে মোট ৭ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। বাকি দুই পলাতক আসামিকেও দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।