সাভারে মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি এলাকায় পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে মহাসড়কের ঢাকামুখী সার্ভিস লেনে দাঁড়ানো বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়।
স্থানীয়রা জানান, রাতে যাত্রী নামিয়ে বাসটি মহাসড়কের সার্ভিস লেনে পার্ক করা ছিল। রাত ৩টার দিকে বাসের প্রথম অংশে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা বাসে আগুন লাগিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিক সন্দেহ করা হচ্ছে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, রাত ৩টার দিকে বাসে আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের সিট ও ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হলেও ইঞ্জিন অক্ষত রয়েছে। আগুনের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধানে তদন্ত প্রক্রিয়া চলমান।