logo

প্রাইভেটকারের সিটে লুকিয়ে সাড়ে ছয় কোটি টাকার স্বর্ণ পাচারের চেষ্টা

প্রাইভেটকারের সিটে লুকিয়ে সাড়ে ছয় কোটি টাকার স্বর্ণ পাচারের চেষ্টা
আটক তিন চোরাকারবারি (বাঁয়ে) এবং জব্দকৃত স্বর্ণের বার ও প্রাইভেটকার। ছবি: এশিয়া পোস্ট

যশোর শহরের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে পাচারের সময় ছয় কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা মূল্যের ২৬টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তিনজন চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) ভোর সাড়ে চারটার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন, শার্শা উপজেলার রাজনগর গ্রামের রনি, চৌগাছা উপজেলার উত্তর কয়েরপাড়া গ্রামের আব্দুল গনি এবং কোতোয়ালি উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইসরাইল।

বিজিবি জানায়, যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির হেডরেস্টের (সিটের ওপরের অংশে থাকে) ভেতরে লুকিয়ে রাখা তিন কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। এ ছাড়া পাচারে ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২২-৭৯৩০), পাঁচটি ফোন এবং নগদ সাত হাজার ৩২৭ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বিজিবিকে জানিয়েছেন, ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, আটক তিনজনের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।