হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই ভাইয়ের

এশিয়া পোস্ট নিউজ, হবিগঞ্জ
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই ভাইয়ের
প্রতীকী ছবি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলার শানখলা ইউনিয়নের মির্জাপুর গ্রামে বাড়ির পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে লাগানো একটি বাঁশ পরিবর্তন করার সময় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন মির্জাপুর গ্রামের মৃত মোকসুদ আলীর ছেলে আব্দুল্লাহ ও আব্দুল আজিজ।

স্থানীয় শানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, বিকেলে আব্দুল্লাহ ও আব্দুল আজিজ তাদের নতুন বাড়িতে বিদ্যুতের খুঁটির সঙ্গে লাগানো একটি বাঁশ পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করতে গিয়ে আরও দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয়রা চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল্লাহ ও আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।