মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল লাশ

এশিয়া পোস্ট নিউজ, পঞ্চগড়
মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল লাশ
নিহত বকুল ইসলাম। ছবি: সংগৃহীত

পঞ্চগড় সদর উপজেলায় করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া বকুল ইসলামের (১৮) মরদেহ ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। নিহত বকুল সাতমেড়া ইউনিয়নের বকশীগঞ্জ এলাকার আলম হোসেনের ছেলে।

শুক্রবার (১০ জুলাই) উপজেলার সাতমেড়া ইউনিয়নের ভেলকুপাড়া এলাকায় নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বকুলের মরদেহ উদ্ধার করে।

এর আগে, বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সাতমেড়া ইউনিয়নের বকশীগঞ্জ এলাকার করতোয়া নদীতে মাছ ধরতে নামার সময় তীব্র স্রোতে নিখোঁজ হয়ে যায় বকুল ইসলাম। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তার সন্ধানে অভিযান শুরু করেন। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে নদীতে খোঁজাখুঁজি শুরু করে। তবে নদীতে তীব্র স্রোত ও দিনের আলোর স্বল্পতার কারণে সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

উপদেশের সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি জানান, শুক্রবার সকাল থেকে প্রায় ৫০ জন স্থানীয় বাসিন্দা করতোয়া নদীতে উদ্ধার অভিযানে অংশ নেন। পরে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে করতোয়া নদী থেকে বকুলের মরদেহ উদ্ধার করা হয়। গতকাল নদীতে অনেক পানি ও স্রোত ছিল। এ কারণে হয়তো সে সাঁতরে নদী থেকে পাড়ে উঠতে পারেনি। এটি আসলেই একটি মর্মান্তিক দুর্ঘটনা।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুষার কান্তি রায় বলেন, বকুল নামে ওই ছেলেটি যে স্থানে নিখোঁজ হয়েছিলেন সেখানে পানির স্রোত একটু বেশি ছিল। ধারণা করা হচ্ছে তিনি নদীর গভীরতার কারণে পানিতে তলিয়ে যান। তবে নদীতে পানির স্রোত থাকায় তার মরদেহ দেড় কিলোমিটার দূরে ভেসে যায়। পরে রংপুরের ডুবুরি দলের সহযোগিতায় আমরা মরদেহ উদ্ধার করি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বিষয় :পঞ্চগড়